কিডস এডুকেশন কর্মশালায় সনদ পেলেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক শিশুদের সঠিক বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে গণমাধ্যমের কার্যকর ভূমিকা বিষয়ক একটি বিশেষ কর্মশালা শেষে দেশের বিভিন্ন জেলার ২৫ জন সাংবাদিককে সনদপত্র প্রদান করেছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে SIBE-NIMC প্রকল্পের আওতায় ‘Kids’ Education: Nurturing Young Minds for a Better Future in Bangladesh’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান এনডিসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এসময় ‘দৈনিক ভোরের সময়’ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ মহাপরিচালকের কাছ থেকে তাঁর সনদপত্র গ্রহণ করেন।
সমাপনী বক্তব্যে মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি বলেন, “শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এবং তাদের মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আদর্শ ও শিশুবান্ধব সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ইতিবাচক ও শিক্ষামূলক কনটেন্ট তৈরিতে আরও দক্ষতা অর্জন করতে হবে।” তিনি সম্প্রচার নীতিমালা মেনে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
কর্মশালায় শিশুদের বয়স উপযোগী শিক্ষামূলক কনটেন্ট তৈরি, বর্তমান সময়ের ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুদের সাইবার সুরক্ষা এবং ইতিবাচক প্যারেন্টিং বা সন্তান লালন-পালনে গণমাধ্যমের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২৫ জন সাংবাদিক এই বিশেষ জ্ঞান অর্জন ও স্বীকৃতির সুযোগ পেলেন।
‘সাপোর্ট দ্য ইমপ্রুভমেন্ট অব দ্য ব্রডকাস্টিং এনভায়রনমেন্ট ফর নিমকো প্রজেক্ট’-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



