হালুয়াঘাটে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এমরান সালেহ্ প্রিন্স

সোহাগ মিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ধর্মীয় শিক্ষার প্রসার ও এতিম শিশুদের উন্নত পরিবেশ নিশ্চিত করতে একটি মাদ্রাসার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) উপজেলার ৮ নম্বর নড়াইল ইউনিয়নের কুমুরিয়া নয়াপাড়া এলাকায় অবস্থিত ‘ফয়জুল উলুম কোরআনীয়া হাফিজিয়া নূরানীয়া ও এতিমখানা মাদ্রাসা’ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন এই ভবনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, নতুন ভবনটি চালু হওয়ার ফলে মাদ্রাসার হিফজ ও নূরানী বিভাগের দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হলো। একই সঙ্গে এই প্রতিষ্ঠানে এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য থাকা-খাওয়ার আধুনিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স বলেন, “পবিত্র কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং এতিম শিশুদের আশ্রয় প্রদান একটি মহতী কাজ, যা পরকালে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। এ ধরনের ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠান আমাদের সামাজিক ভিত্তি মজবুত করতে ভূমিকা রাখে।” তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যৎ সব ধরণের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং সমাজের সামর্থ্যবানদের এতিমখানাগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। নতুন ভবন পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সবশেষে দেশ, জাতি এবং এতিম শিশুদের মঙ্গল কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



