
রাকিব হোসাইন হৃদয়, জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর বয়রাগাদী গ্রামে অবস্থিত খিদমাতুল উম্মাহ দারুল কুরআন মাদরাসার সামনের সড়কের বৈদ্যুতিক তার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও মাদরাসা সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে মাদরাসার সামনের সড়কটি রাতে অন্ধকারে নিমজ্জিত থাকায় শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে নানা ধরনের ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি বিবেচনায় নিয়ে মাদরাসা কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে পুরো সড়কে বৈদ্যুতিক লাইট স্থাপন করে আলোকসজ্জার ব্যবস্থা করে।
তবে গত ১৪ জুন রাতে দুর্বৃত্তরা সড়কের লাইটের বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এতে পুরো এলাকার আলোকসজ্জা ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং সড়কটি পুনরায় অন্ধকারে ডুবে যায়। ফলে স্থানীয়দের নিরাপদ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতেও উদ্বেগ দেখা দিয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষের দাবি, এটি একটি নিন্দনীয় ও পরিকল্পিত ঘটনা। তাদের অভিযোগ, এলাকার কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদরাসার বিভিন্ন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্ষতিসাধনের চেষ্টা করে আসছে। সাম্প্রতিক এই ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিও জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, জনসেবামূলক উদ্যোগে স্থাপিত বৈদ্যুতিক সংযোগ নষ্ট করা শুধু অপরাধই নয়, এটি সাধারণ মানুষের নিরাপত্তা ও জনস্বার্থের পরিপন্থী একটি কাজ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার দাবি উঠেছে।



