দেশরাজনীতি

কাঁচপুরে মাস্ক পড়ে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

নজরুল ইসলাম বাদল: নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগের ব্যানারে মুখোশধারী নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা এবং এতে অংশগ্রহণকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল কাঁচপুর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়। ২ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শতাধিক ব্যক্তি সড়কে অবস্থান নিয়ে মিছিল করছেন। অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখে মাস্ক থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ভিডিওতে মিছিলকারীদের ‘শুভ শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়।

স্থানীয় সূত্রের দাবি, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের একটি অংশ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান–এর ভাতিজা আজমেরী ওসমান–এর অনুসারী। তবে এ দাবির পক্ষে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মিছিল সম্পর্কে তাদের কাছে আগে থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, “বিষয়টি আমাদের নজরে আসেনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।”

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, “সকাল থেকে কাঁচপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আমার থানার আওতাভুক্ত অংশে কোনো মিছিলের তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি যাচাই করা হচ্ছে।”

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি আমরা যাচাই করছি। অনেক সময় পুরোনো ভিডিওও নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে ছড়ানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ অবস্থায় কাঁচপুরের কথিত ঝটিকা মিছিলের ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে ভিডিওটির সত্যতা, সময় এবং অংশগ্রহণকারীদের পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button