যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে হত্যা: ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুর,বোয়ালমারি প্রতিনিধি: সোমবার ১৩ জুলাই ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী সাজেদা বেগমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে লালন মোল্যা (৫৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই ) বেলা ২টায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, যৌতুকের দাবিকে কেন্দ্র করে লালন মোল্যা তাঁর স্ত্রী সাজেদা বেগমের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছিলেন। ঘটনার দিনও এ নিয়ে তাদের মধ্যে বিরোধের একপর্যায়ে লালন মোল্যা হাতুড়ি দিয়ে সাজেদা বেগমকে নির্মমভাবে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত -সাজেদা বেগমের বাড়ি বোয়ালমারি উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামে।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি লালন মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
কারাদন্ডপ্রাপ্ত লালন মোল্যা ফরিদপুর শহরের পশ্চিম আলিপুরের বাসিন্দা।
এ রায়ের মাধ্যমে যৌতুকজনিত সহিংসতার বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



