ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কমিউনিস্ট পার্টি-(মার্কসবাদী)

আজ ২২ জুলাই ২০২৬ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি কমরেড এম এ সামাদ বলেন, ঝিনাইদহে বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য স্থানীয় প্রশাসন কর্তৃক ভেঙে ফেলা ও অপসারণ করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে কমরেড সামাদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী ও জঙ্গি নেতা ড. ইউনুস ঘোষণা দিয়ে ২৪-এর গণঅভ্যুত্থান দিয়ে ’৭১-এর মুক্তিযুদ্ধকে ডিলেট করতে চেয়েছিলেন। ঘৃণ্য অপচেষ্টা চালিয়েছিলো তারা, মুক্তিযুদ্ধে পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ও স্মৃতিচিহ্নসমূহ ভেঙে ফেলা ও ধ্বংসের খেলায় মেতে উঠেছিল, যা আজও অব্যাহত রয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনাও তারই ধারাবাহিকতা।
বিবৃতিতে কমরেড সামাদ আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় বিশ্বাসী স্থানীয় রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন ও হামিদুর রহমানের পরিবারের সদস্যদের বিরোধিতা সত্ত্বেও স্থানীয় জেলা প্রশাসন গায়ের জোরে ভাস্কর্যটি বর্তমান স্থান থেকে অপসারণ করতে তৎপর। বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলসমূহের মতামতকে অগ্রাহ্য করে এ লক্ষ্যে একটি পকেট কমিটিও করেছে জেলা প্রশাসন, সরকারি দলের ছত্রছায়ায় বিলবোর্ড ও বিজ্ঞাপন ব্যবসায়ী এবং স্বাধীনতা বিরোধী জামায়াত গং দের নিয়ে যারা ঐ চত্তর দখল করতে চায়।
বিবৃতিতে তিনি মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য বর্তমান স্থান থেকে না সরানোর জন্য সরকারি প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ও স্মৃতিচিহ্ন ধ্বংসকারী স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় সকল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।



