
মুহাম্মদ জুবাইর
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ চোরাচালানের একটি চেষ্টা নস্যাৎ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক ভারতীয় যাত্রীকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ৬টা ৫৮ মিনিটে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট G9-526-এ চট্টগ্রামে পৌঁছান ভারতীয় নাগরিক থামিম আনসারি। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাকে শনাক্ত করে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়। কাস্টমস সূত্র জানায়, প্যাকিং সামগ্রীসহ উদ্ধারকৃত বস্তুর মোট ওজন ৪৫৫ গ্রাম। বর্তমানে স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী অপসারণ করে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ বিভিন্ন পণ্যের চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



