
দুলাল শিকদার
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি-উত্তর) অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সিএমপির ডিবি (উত্তর) বিভাগের টিম-৩১-এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আফতাব হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বাকলিয়া থানাধীন মিয়াখান নগরের ময়দার মিল মোড় এলাকা থেকে মো. সোহেল (৩১) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক সোহেলের কোনো স্থায়ী ঠিকানা নেই। তিনি বর্তমানে বাকলিয়ার মিয়াখান নগরের জে.কে টাওয়ার (রফিক চৌধুরী বিল্ডিং)-এর তৃতীয় তলার একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার ভাড়া বাসার শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে ইয়াবা এবং স্টিলের আলমারির ড্রয়ারে একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রয়ের উদ্দেশ্যে লুকিয়ে রাখা রয়েছে।
পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে উপস্থিত সাক্ষীদের সামনে তার বাসায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা একটি আইফোনের বাক্স থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ৬০ গ্রাম) উদ্ধার করা হয়। একই সঙ্গে স্টিলের আলমারির ড্রয়ার থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং ৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবারের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদক, আগ্নেয়াস্ত্র ও গুলি যথাযথ জব্দতালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ।
সিএমপি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নগরীতে মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিবি (উত্তর) বিভাগ



