সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে অভিযান, ৬ লাখ মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা উপকূলসংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে অবৈধভাবে মা ইলিশ আহরণ প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে প্রায় ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশ ধরার জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। এ সময় প্রায় ৬ মেট্রিক টন মা ইলিশসহ মোট ৬ দশমিক ২ মেট্রিক টন সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
গত ২৬ অক্টোবর দুপুর ১২টা থেকে ২৭ অক্টোবর ভোর ৬টা পর্যন্ত টানা এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ কোস্ট গার্ডের ভাটিয়ারী জোন।
অভিযান চলাকালে জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও ইলিশ ধরার জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুযায়ী, আইন লঙ্ঘনের দায়ে ৯টি বোটের মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জব্দ করা মা ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ বিভিন্ন এতিমখানা, এলাকার হতদরিদ্র পরিবার, মন্দির এবং অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
মা ইলিশের প্রজনন রক্ষা এবং সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



