অভিযান

চট্টগ্রাম বন্দরের টাগবোট ক্রয়েও দুদকের অভিযান

মুহাম্মদ জুবাইর: ট্রেনের টিকিট বিক্রিতে নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি উচ্চক্ষমতাসম্পন্ন টাগবোট ক্রয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পৃথক দুটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৬ অক্টোবর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের উদ্যোগে জামালপুরের নান্দিনা রেলওয়ে স্টেশন ও চট্টগ্রাম বন্দরে এসব অভিযান পরিচালনা করা হয়।

জামালপুরের নান্দিনা রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় ও যাত্রী হয়রানির অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের একটি দল অভিযান চালায়।

অভিযানকালে দুদকের টিম প্রথমে যাত্রীবেশে রেলস্টেশনে প্রবেশ করে টিকিট বিক্রিসহ রেলওয়ের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে। এ সময় বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। পরে স্টেশনে উপস্থিত যাত্রী ও সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা।

যাত্রীরা অভিযোগ করেন, কমিউটার ট্রেনের প্রতিটি টিকিটের বিপরীতে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে টিকিট বিক্রির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায় দুদকের টিম।

দুদকের এ অভিযানকে স্বাগত জানান উপস্থিত যাত্রীরা। অভিযানকালে প্রাপ্ত তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট টিম।

অন্যদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি উচ্চক্ষমতাসম্পন্ন টাগবোট ক্রয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি দল এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

দুদকের তথ্যমতে, প্রতিটি ৫ হাজার বিএইচপি ক্ষমতা ও ৭০ টন বোলার্ড পুল-সক্ষমতার দুটি টাগবোট ক্রয়সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে দুদকের টিম চট্টগ্রাম বন্দরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালকসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করে। পাশাপাশি অভিযোগের বিষয়ে যাচাই-বাছাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

সংগৃহীত নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে অভিযান পরিচালনাকারী দল।

দুদক জানিয়েছে, উভয় অভিযানে প্রাপ্ত তথ্য, বক্তব্য ও নথিপত্র পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button