মতিঝিলের হীরাঝিল হোটেলে নোংরা পরিবেশ ও অননুমোদিত উপাদান ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলের হীরাঝিল হোটেলে অভিযান চালিয়ে রান্নাঘরের নোংরা পরিবেশ ও স্বাস্থ্যবিধির মারাত্মক লঙ্ঘনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (৭ অক্টোবর) মতিঝিল বাণিজ্যিক এলাকার ২২ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত রেস্তোরাঁটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
অভিযানসূত্রে জানা যায়, হীরাঝিল হোটেলের রান্নাঘরে অত্যন্ত অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশ দেখা যায়। সেখানে ঢাকনাহীন খোলা পাত্রে বর্জ্য ফেলা হচ্ছিল। এছাড়া লেবেলবিহীন অননুমোদিত ঘি সংরক্ষণ ও ব্যবহার, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহারে অনিহা এবং পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোল প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
এসব অপরাধের দায় স্বীকার করায় ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী রেস্তোরাঁটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা ও ব্যাটালিয়ন আনসারের একটি টিম উপস্থিত ছিল।



