চট্টগ্রাম

সিএমপিতে রাফি স্মৃতি অনূর্ধ্ব-১৮ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন বাদশা মিয়া একাদশ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে শতাব্দী ক্রিকেট একাডেমিকে ১০৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাদশা মিয়া একাদশ।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন দি ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং প্রয়াত রাফি’র পিতা ওসমান গণি মনসুর।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের ক্রিকেট লীগে মোট ২৪টি দল অংশগ্রহণ করে। দলগুলো আটটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শতাব্দী ক্রিকেট একাডেমিকে ১০৪ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় বাদশা মিয়া একাদশ। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করে। প্রয়াত রাফির স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ ক্রিকেট লীগ তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি আয়োজক, অংশগ্রহণকারী দল, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং চ্যাম্পিয়ন, রানার্সআপসহ সব খেলোয়াড়কে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরীসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. ইবাদুল হক লুলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, কোষাধ্যক্ষ নওশাদ আলম চৌধুরীসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড়, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button