রাউজানের বিভিন্ন জায়গায় সাবেক এমপি ফজলে করিম ও ছেলে ফারাজের ফাঁসির দাবিতে পোস্টারিং

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশেষ করে গহিরা ও মুন্সিরহাটসহ আশপাশের এলাকাগুলোতে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং তাঁর ছেলে ফারাজ করিম চৌধুরীর ছবি সংবলিত ব্যানার, পোস্টার ও বিলবোর্ড টাঙানো হয়েছে। এসব ব্যানার ও বিলবোর্ডে পিতা-পুত্রের গলায় ফাঁসির দড়ি পরা ছবি ফুটিয়ে তুলে তাঁদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সচেতন এলাকাবাসীর ব্যানারে গহিরা ও মুন্সিরহাটের ব্যস্ততম সড়ক, ভবন এবং জনবহুল মোড়ে এ ধরনের বিলবোর্ড ও ব্যানার সাঁটানো হয়। সাঁটানো এসব বিলবোর্ডে ফজলে করিম চৌধুরী ও তাঁর ছেলে ফারাজ করিমের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংঘটিত হত্যা, নির্যাতন, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক নিপীড়নের বিবরণ উল্লেখ করে একাধিক মামলার বিষয়টি তুলে ধরা হয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘ দিন ধরে রাউজান এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার, নিপীড়ন, হত্যাকান্ড, গুম, আয়নাঘর প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে জনমনে যে চাপা ক্ষোভ ছিল, এটি তারই বহিঃপ্রকাশ। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে অনতিবিলম্বে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েই সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা এই বিলবোর্ড ও পোস্টার টাঙিয়েছেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে সাবেক এই এমপি ও তাঁর ছেলের বিরুদ্ধে হত্যা, হামলা এবং চাঁদাবাজিসহ একাধিক মামলা দায়ের করা হয়। আজকের এই বিলবোর্ড ও পোস্টারিংয়ের ঘটনাকে কেন্দ্র করে গহিরা ও মুন্সিরহাটসহ পুরো রাউজানের সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও নির্যাতিত জনসাধারণের দাবি, অবিলম্বেই ফজলে করিমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হোক এবং তার ছেলে ফারাজ করিমকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুক।



