চট্টগ্রাম

চসিকের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জুয়েল রানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি মাসিক সম্মানী ও অন্যান্য ভাতাও পাবেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরবর্তীতে ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় দেন। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে আদালতের ওই রায়ের মধ্য দিয়ে চসিকের মেয়র হিসেবে তাঁর দায়িত্ব পালনের পথ তৈরি হয়।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এবার তাঁকে চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button