পটিয়ায় রাজস্ব ফাঁকি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে টেন্ডার অনিয়মের অভিযোগে দুদকের দুই অভিযান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধনে রাজস্ব ফাঁকি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে পৃথক দুটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৫ অক্টোবর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্রে জানা গেছে, পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে কম মূল্যে দলিল নিবন্ধনের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতিসাধনের অভিযোগে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-২ থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়।
অভিযানকালে টিমের সদস্যরা সংশ্লিষ্ট কার্যালয় সরেজমিন পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেন। প্রাথমিকভাবে নথিপত্র পর্যালোচনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে অভিযোগে উল্লেখিত দলিল নিবন্ধনের সময় নির্মিত চারতলা ভবনের তথ্য গোপন করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রতীয়মান হয়।
দুদক জানায়, অভিযানে সংগৃহীত নথিপত্র বিস্তারিত পর্যালোচনা শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অন্যদিকে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম এবং নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা দিতে দরপত্র মূল্যায়ন প্রভাবিত করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে দুদকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে সংশ্লিষ্ট বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম। সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা শেষে এ অভিযোগের বিষয়েও কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।
দুটি অভিযোগের বিষয়ে নথিপত্র যাচাই-বাছাই ও পরবর্তী অনুসন্ধানের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



