অনুসন্ধানঅভিযান

রুয়েটের বৃক্ষরোপণ কর্মসূচিতে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

রাজশাহী ব্যুরো:

রাজশাহীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ নেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক, ভাইস চ্যন্সেলর।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, রাজশাহীকে সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে আরডিএ ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে এবং নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, পার্ক ও উন্মুক্ত স্থানে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জননেতা তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আরডিএ প্রতিবছর পাঁচ হাজার এবং আগামী পাঁচ বছরে ২৫ হাজার গাছের চারা রোপণের লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃক্ষরোপণ শেষে উপস্থিত অতিথিরা পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তারা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন, মো: সাইফুল ইসলাম হীরক
সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, ফারুক হোসেন সাধারন সম্পাদক পেশাজীবীদল, আসিফ হোসেন আকুল সাবেক মহানগর সহ-সভাপতি

এছাড়াও কর্মসূচিতে রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চলমান বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, পার্ক ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে রাজশাহীর সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর নগরী গড়ে তোলাই আরডিএর মূল লক্ষ্য

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button