অনুসন্ধানঅভিযান

রূপগঞ্জে খাল পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপের ঘোষণা পানি সম্পদ প্রতিমন্ত্রীর


নজরুল ইসলাম বাদল :
বিগত স্বৈরাচারী সরকারের পরোক্ষ মদতে দেশের বিভিন্ন এলাকার খাল দখল ও ভরাট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, সরকারি নদী, নালা, খাল, বিল ও জলাশয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দখল করে রাখতে পারবে না। দখলদার যতই প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া, ভুলতাসহ বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন—যে যত শক্তিশালীই হোক না কেন, সরকারি নদী, নালা, খাল, বিল ও জমি দখল করে রাখা যাবে না। সরকারের লক্ষ্য হচ্ছে দখল ও ভরাট হয়ে যাওয়া জলপথগুলো পুনরুদ্ধারের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করা।

তিনি আরও বলেন, কোনো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলে এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর লোক দেখানো কোনো কাজ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সরকার গঠন করলে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় খালের ওপর নির্মিত শিল্পকারখানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যেসব জলপথ দখল ও ভরাটের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে পুনরুদ্ধার করা হবে।

এ সময় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, একসময় রূপগঞ্জে ব্যাপক পরিমাণ ধান উৎপাদন হতো। বর্তমানে অপরিকল্পিত নগরায়ণ, জলাশয় ভরাট ও খাল দখলের কারণে কৃষি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রূপগঞ্জ এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর পরিকল্পিতভাবে রূপগঞ্জের মানুষকে পানিবন্দি করে রাখা হয়েছে। দখলের মাধ্যমে এলাকার মানুষকে উচ্ছেদ করার একটি অপচেষ্টা ছিল বলেও মন্তব্য করেন তিনি।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রূপগঞ্জের খালগুলো পুনরুদ্ধার করে পানিপ্রবাহ সচল করার চেষ্টা করা হবে। এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খোকন, তারাবো পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, যুবদল নেতা মামুন ভূঁইয়াসহ স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button