অনুসন্ধানঅভিযান

সিএমপি আকবর শাহ থানার ভরসার প্রতীক: মানবিক পুলিশিংয়ে ওসি কামরুজ্জামানের পথচলা


রাশেদুল ইসলাম
পুলিশ মানেই শাসন, পুলিশ মানেই ভয়—এই চিরাচরিত ধারণা বদলে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটনে যে ক’জন পুলিশ কর্মকর্তা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের মধ্যে অন্যতম আকবর শাহ  থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান । সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে এবং থানাকে একটি আস্থার ও নিরাপদ আশ্রয়ে পরিণত করতে তিনি এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। আকবর শাহ  থানায় যোগদানের পর থেকেই আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের আনাগোনায়। আগে যেখানে থানায় আসতে মানুষ দ্বিধাবোধ করত, এখন সেখানে যেকোনো সমস্যা নিয়ে অনায়াসেই হাজির হচ্ছেন স্থানীয়রা। এর নেপথ্যে রয়েছে তাঁর অত্যন্ত অমায়িক ব্যবহার এবং সমস্যা শোনার ধৈর্য। ‘থানা হবে বিপদে মানুষের শেষ আশ্রয়’—এই দর্শনকে সামনে রেখে তিনি সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন এবং তৎক্ষণাৎ আইনি সমাধান দেওয়ার চেষ্টা করেন।
​একজন দক্ষ নেতার মতো তিনি তাঁর অধীনস্থ পুলিশ সদস্যদের মধ্যে সেবার মানসিকতা তৈরি করেছেন। পুলিশের কঠোর কর্তব্যের মাঝেও যে নম্রতা ও সৌজন্যবোধ বজায় রাখা যায়, তা তিনি নিজের আচরণ দিয়ে প্রমাণ করেছেন। তাঁর অধীনে আকবর শাহ   থানায় দালালি ও হয়রানি নির্মূল করতে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমেছে এবং সেবাপ্রার্থীরা কোনো বাধা ছাড়াই সরাসরি ওসির সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। অনেক ক্ষেত্রে ছোটখাটো পারিবারিক বা সামাজিক বিরোধ মামলা পর্যন্ত গড়ালে উভয় পক্ষই দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হয়। ওসি কামরুজ্জামান  অধিকাংশ ক্ষেত্রেই পরম মমতায় দুই পক্ষের কথা শোনেন এবং বিচক্ষণ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পথ দেখান। তাঁর এই মধ্যস্থতায় অনেক পুরনো সামাজিক সমস্যার সুন্দর সমাধান হয়েছে, যা আকবর শাহ থানা এলাকায়  শান্তি ও সম্প্রীতি রক্ষায় বড় ভূমিকা রাখছে।
​পুলিশিংয়ের প্রথাগত দায়িত্বের বাইরেও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে কামরুজ্জামান  সরব উপস্থিতি স্থানীয়দের নজর কেড়েছে। বিশেষ করে তরুণ সমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে তিনি নিয়মিত সচেতনতামূলক আলোচনার ওপর জোর দেন। অপরাধীকে কেবল শাস্তি নয়, বরং সংশোধনের সুযোগ দিয়ে আলোর পথে ফিরিয়ে আনার যে আধুনিক মানসিকতা তিনি ধারণ করেন, তা সমাজ গঠনে এক শক্তিশালী বার্তা দিচ্ছে। আকবর শাহ বাসীর মতে, কামরুজ্জামান   কেবল একজন পুলিশ কর্মকর্তাই নন, বরং একজন জনবান্ধব অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার এই নিরন্তর চেষ্টা পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে উজ্জ্বল করছে। তাঁর মতো দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তার হাত ধরে আকবর শাহ  একটি অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে পরিচিতি পাবে—এমনটাই প্রত্যাশা এলাকার সর্বস্তরের মানুষের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button