বাবুবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল ও ভেজাল ওষুধ জব্দ, চার গোডাউন মালিককে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মামুন খান: রাজধানীর বাবুবাজার এলাকায় অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল দেশি-বিদেশি ওষুধ বিক্রি ও মজুদের অভিযোগে চারটি গোডাউনে অভিযান চালিয়েছে এসআরবির ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ঔষধ প্রশাসনের কর্মকর্তা এবং এসআরবি-১০-এর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে বিভিন্ন গোডাউনে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রি ও মজুদের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়।
এর মধ্যে ইভাব মন্ডল (৩৪)-কে ১ লাখ টাকা, মো. সিরাজুল ইসলাম (৭২)-কে ৪০ হাজার টাকা, সুজন মন্ডল-কে ৩০ হাজার টাকা এবং সারা মেডিক্যাল, আমির মার্কেট, কোতোয়ালি, ঢাকা-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জব্দ করা বিপুল পরিমাণ নকল ওষুধ ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজাল ওষুধ, নকল পণ্য, জালিয়াতি, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে অননুমোদিত ও ভেজাল ওষুধের বিক্রি ও মজুদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।



