আলফাডাঙ্গায় নদীভাঙন এলাকা পরিদর্শনে সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, ৩০০ পরিবারে চাল বিতরণ

মহাব্বত মুন্সী, উপজেলা প্রতিনিধি: ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা আজ ২৩ সেপ্টেম্বর রোজ বুধবার বেলা ৩ ঘটিকার সময় আলফাডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকায় নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
পরিদর্শনকালে নদীভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ ফেলার পাশাপাশি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার বিষয়ে স্থানীয়দের আশ্বস্ত করেন তিনি। ভাঙনকবলিত এলাকার পরিস্থিতি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

পরে উপজেলার স্বপ্ন নগর এলাকায় অসহায়, ভূমিহীন ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়। এ সময় প্রায় ৩০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
এরপর উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে সাক্ষাৎ করেন সংসদ সদস্য। সেখানে বাজেটভুক্ত বিভিন্ন রাস্তার উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং চলমান কাজের বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এ সময় নদীভাঙন রোধ, ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা এবং উপজেলার চলমান উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়।ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা ইউএনও (ভারপ্রাপ্ত)!জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাও কামাল আহমেদ, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান , সাংবাদিক বৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।



