কাস্টমস কর্মকর্তার ল্যাপটপ ছিনতাইয়ের ঘটনায় আসামি গ্রেপ্তার, মালামাল উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৬টা ১০ মিনিটে কোতোয়ালি থানাধীন কদমতলী আটমাসিং থেকে রেললাইনগামী পাকা সড়কে কাস্টমস কর্মকর্তা মো. হাসানুজ্জামান খান (৪১) বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা জোরপূর্বক তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে অজ্ঞাতনামা তিনজন আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানার মামলা নং-৪০, তারিখ-২০/০৯/২০২৬, ধারা-৩৯২, পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং সদরঘাট থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে সদরঘাট থানা এলাকা থেকে উক্ত ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে এবং একাধিক মামলার আসামি মো. আনোয়ার হোসেন (৩১)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



