দেশ

দোয়ারাবাজারে মরা চেলা নদীতে ড্রেজারে বালু উত্তোলন, অভিযানে আটক ২

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মরা চেলা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে প্রশাসন। পরে তাদের মোট ১ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মরা চেলা নদীতে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও ছাতক-দোয়ারাবাজার নৌ পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এবং পৃথকভাবে কে কত টাকা জরিমানা দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অভিযান হলেও স্থানীয়দের অভিযোগ, মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি। লিখিত অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশের পরও রাতের আঁধারে একাধিক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

স্থানীয়দের ভাষ্য, বিভিন্ন সময়ে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে এক-দুইটি নৌকা আটক কিংবা জরিমানা করা হলেও পরে আবারও একইভাবে বালু উত্তোলন শুরু হয়। ফলে অভিযান ও জরিমানার পরও কার্যত পরিস্থিতির স্থায়ী পরিবর্তন হচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা।

এ বিষয়ে দোয়ারাবাজারের সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম বলেন, মরা চেলা নদীসহ সংশ্লিষ্ট এলাকায় বিপুলসংখ্যক নৌকায় বালু আনা-নেওয়া হয়। প্রায় ৭-৮ শত নৌকা বালু নিয়ে আসে। অভিযান চালিয়েও পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, অভিযোগ করা এলাকার কিছু অংশ তাঁর প্রশাসনিক সীমার বাইরে। ছাতক ও দোয়ারাবাজারের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনা করতে হলে পর্যাপ্ত জনবল প্রয়োজন। মাত্র ৩-৪ জন পুলিশ সদস্য নিয়ে পুরো এলাকায় অভিযান পরিচালনা করা সম্ভব নয়। তাছাড়া এলাকাটি দুই উপজেলার সীমানাজুড়ে হওয়ায় এককভাবে পুরো অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, মরা চেলা নদীতে বালু উত্তোলন বন্ধে শুধু বিচ্ছিন্ন অভিযান ও জরিমানা নয়, নিয়মিত এবং সমন্বিত অভিযান প্রয়োজন। একই সঙ্গে নদীর বিভিন্ন অংশে নজরদারি বাড়িয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button