আনোয়ারায় এসিল্যান্ডের নিয়মিত অভিযান, আতঙ্কে অসাধু ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার যোগদানের পর থেকে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে আসছেন। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে অসাধু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অন্যদিকে নিয়মিত অভিযান পরিচালনার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ও নেটিজেনরা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলার জয়কালী বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও কেক উৎপাদন ও বিক্রির অপরাধে ‘মালাই ফুডস’-এর স্বত্বাধিকারী রুবেল মল্লিক (৩৫)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।



