চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

দুলাল শিকদার: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
সভায় সিএমপির সকল সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন কমিশনার। পাশাপাশি চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন সিএমপি কমিশনার এবং উত্থাপিত বিষয়গুলোর তাৎক্ষণিক সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ সময় দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী এসআই (নিরস্ত্র) উত্তম চক্রবর্তী, এটিএসআই মোঃ ফরিদ উদ্দিন এবং কনস্টেবল/৫৪৬ মোঃ কামাল উদ্দিনকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপি কমিশনার।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



