দেশ

ফেনীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে প্রাণ হারালো সেনা সদস্য

মুহাম্মদ জুবাইর: ফেনীতে মাদকবিরোধী চেকপোস্টে দায়িত্ব পালনকালে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় ওয়ারেন্ট অফিসার ডিএডি মোহাম্মদ আলমগীর (সেনা) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকও আহত হয়েছেন। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটের দিকে ফেনী সদর থানাধীন ফতেপুর এলাকার স্টার লাইন ফুয়েল পাম্পের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকসংক্রান্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম-ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল মহাসড়কের ওই স্থানে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে যানবাহন তল্লাশি চলাকালে একটি ট্রাক দ্রুতগতিতে চেকপোস্টের দিকে এগিয়ে আসে। ট্রাকটি গতি না কমিয়ে বেপরোয়া গতিতে চেকপোস্টে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে কিছুটা দূরে অবস্থানরত ডিউটিরত টহল কমান্ডার ওয়ারেন্ট অফিসার ডিএডি মোহাম্মদ আলমগীরকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় ট্রাকচালকও আহত হন।

দুর্ঘটনার পর আহত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীর এবং ট্রাকচালককে দ্রুত ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ১টার দিকে ওয়ারেন্ট অফিসার ডিএডি মোহাম্মদ আলমগীরকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আলমগীরের সামরিক পরিচয় বিজেও-৬৭৩৩৮। তিনি ওয়ারেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন। তার মাতৃ ইউনিট ১৪ বীর, যশোর সেনানিবাস। তিনি বিবাহিত এবং পাঁচ সন্তানের জনক।

মরহুমের স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মনাটিয়া গ্রামে। তিনি বর্তমানে এসআরবি-৭, চট্টগ্রাম-ফেনী ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে দায়িত্ব পালনকালে ওয়ারেন্ট অফিসার ডিএডি মোহাম্মদ আলমগীরের আকস্মিক ও অকাল মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দায়িত্ব পালনকালে তার এই মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ও তদন্তমূলক কার্যক্রম গ্রহণ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button