দেশ

মানিকছড়িতে পাহাড় কেটে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ব্যক্তিমালিকানাধীন ভূমির ঢালু অংশ কেটে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মানিকছড়ি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আরিফ নামের এক ব্যক্তি। অভিযোগে তিনি স্থানীয় মো. সজিবকে অভিযুক্ত করেছেন।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মানিকছড়ি উপজেলার ২১০ নম্বর যোগ্যাছোলা মৌজার গাড়ীটানা এলাকায় ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত প্রায় ২ কানি ৩ গন্ডা জায়গা ক্রয় করে সেখানে বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করেন অভিযোগকারী মো. আরিফ। ব্যবসায়িক কারণে তাকে পরিবারসহ অধিকাংশ সময় চট্টগ্রাম শহরে অবস্থান করতে হয়।

অভিযোগকারীর দাবি, তার অনুপস্থিতির সুযোগে পার্শ্ববর্তী জমির মালিক মো. সজিব তার জমির সঙ্গে লাগোয়া পানি চলাচলের প্রায় ১০ ফুট জায়গার পাশাপাশি অভিযোগকারীর ভূমির অংশসহ মোট প্রায় ২০ ফুট জায়গা কেটে মাটির শ্রেণি পরিবর্তনের কাজ করছেন। বিষয়টি জানতে পেরে মাটি কাটায় বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে উচ্চবাচ্য করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধরের জন্য উদ্যত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অভিযোগকারী দাবি করেছেন, তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে। ফলে পাহাড় কাটা ও বেআইনিভাবে মাটি কেটে ভূমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে আরও বলা হয়, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। গত ৮ আগস্ট ঘটনাটি ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে গত ৩ অক্টোবর ২০২৬ ইং মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন মো. আরিফ।

অভিযোগকারী সরেজমিনে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তবে অভিযোগে অভিযুক্ত মো. সজিবের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মোহাম্মদ আরিফ সাপ্তাহিক অপরাধ বিচিত্রার একজন ফটো সাংবাদিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button