চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে

অপরাধ বিচিত্রা ডেস্ক: চট্টগ্রাম বন্দরের সর্ববৃহৎ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় বিদেশি প্রতিষ্ঠানটির সঙ্গে একটি আনুষ্ঠানিকভাবে কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ‘ইনভেস্টমেন্ট বাংলাদেশ’ মিলনায়তনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম উপস্থিত ছিলেন। এর আগে গত ১ অক্টোবর পিপিপি ব্যবস্থার অধীনে বিদেশি অপারেটর নিয়োগের লক্ষ্যে চুক্তিপত্রটির খসড়া নীতিগত অনুমোদন পায়।

চট্টগ্রাম বন্দরের মোট চারটি কনটেইনার টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বৃহৎ। বিদায়ী অর্থবছরে বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ, অর্থাৎ প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার কেবল এই টার্মিনাল দিয়েই ওঠানো-নামানো হয়েছে।

বন্দর রক্ষা কমিটির তীব্র আপত্তি ও আন্দোলনের হুঁশিয়ারি: এদিকে জনগণের মতামত না নিয়ে তড়িঘড়ি করে জাতীয় গুরুত্বপূর্ণ এ সম্পদে বিদেশি প্রতিষ্ঠানের স্বত্বাধিকার তৈরি করাকে ‘অগ্রহণযোগ্য’ ও দেশের স্বার্থবিরোধী আখ্যা দিয়েছে ‘বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম’।

কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও সদস্যসচিব ফজলু কবির মিন্টু এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেন, চুক্তির পরিচালনা সংক্রান্ত অধিকার, আর্থিক দায়বদ্ধতা এবং কর্মকর্তা-শ্রমিকদের অধিকার স্পষ্ট না করে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় স্বার্থের সাথে সম্পর্কিত এই সিদ্ধান্তকে তারা ভবিষ্যতে ‘কালো চুক্তি’ হিসেবে চিহ্নিত হবে বলে সতর্ক করেন এবং চুক্তি বাতিল করে সব শর্ত জনসমক্ষে প্রকাশের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

চুক্তি বাস্তবায়ন ও হস্তান্তর প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, চুক্তির বিস্তারিত শর্তাবলী বিডা বা ইনভেস্টমেন্ট বাংলাদেশ ভালো বলতে পারবে। চুক্তি সম্পন্ন হলেও ডিপি ওয়ার্ল্ড ঠিক কবে নাগাদ টার্মিনালের পূর্ণ পরিচালনার দায়িত্ব বুঝে নেবে, সে সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button