খেলাধুলা

রাফি স্মৃতি মহানগর জুনিয়র অনূর্ধ্ব-১৮ ক্রিকেট লীগ ২০২৬-এর উদ্বোধন

দুলাল শিকদার: আজ ৮ অক্টোবর ২০২৬ ইং, বৃহস্পতিবার সকাল ১১টায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো: শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ডেইলি পিপলস ভিউ এর সম্পাদক ও প্রকাশক এবং প্রয়াত রাফির পিতা ওসমান গণি মনসুর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, অনূর্ধ্ব-১৮ পর্যায়ে নিয়মিত ও প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনের মাধ্যমে ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে এবং জাতীয় পর্যায়ে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও ইতিবাচক প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন আহামদ চৌধুরীসহ ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড়, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button