সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক: দেশে সরকারি সুযোগ-সুবিধা ও কার্ড বণ্টনে চরম স্বজনপ্রীতি ও অনিয়মের কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার যদি বিধবা কার্ড চালু করে, তবে দেখা যাবে এমপির বউই সবার আগে সেই কার্ড বাগিয়ে নেবে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
সরকারি সুবিধা বণ্টনে দুর্নীতির চিত্র তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় দেখা গেছে এমপির ছেলে, মেয়ে এমনকি শ্যালিকাও সারের ডিলারশিপ পেয়েছেন। এ দেশে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে সুবিধা নেওয়ার প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছে। এখন সরকার যদি বিধবা বা বেকার কার্ড চালুর উদ্যোগ নেয়, তবে সেখানেও সাধারণ মানুষের আগে সুবিধাভোগী সংসদ সদস্যদের স্বজনেরাই তালিকা দখল করবেন।
দেশের শিক্ষাঙ্গনের চিত্র তুলে ধরে তিনি আরও অভিযোগ করেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা চাচ্ছেন না, অথচ রাজনৈতিক ছাত্রসংগঠনের সহায়তা নিয়ে অনৈতিকভাবে চেয়ার দখল করে রাখা হয়েছে। দেশকে পুনরায় পেছনের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।



