ডিজিটাল অপরাধ তদন্ত ও সাইবার নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ

মুহাম্মদ জুবাইর: ডিজিটাল অপরাধ তদন্ত, সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) চট্টগ্রামের দামপাড়া মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা-KOICA)-এর সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল তদন্ত ও ফরেনসিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন (H.E. Mr. Kim Ji-joon) এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম; অতিরিক্ত আইজিপি নুরুল আমিন, বিপিএম; এবং কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম (Jihoon Kim)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন এবং মানবিক জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া।
সংশ্লিষ্টদের আশা, সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের মাধ্যমে অনলাইন প্রতারণা, ডিজিটাল আর্থিক জালিয়াতি এবং অন্যান্য প্রযুক্তিনির্ভর অপরাধ শনাক্ত ও তদন্তের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে ডিজিটাল অপরাধের আলামত সংগ্রহ, বিশ্লেষণ এবং ফরেনসিক তদন্ত কার্যক্রমেও নতুন গতি আসবে।
বর্তমান সময়ে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ধরন ও পরিধিও বিস্তৃত হচ্ছে। এমন পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্তব্যবস্থা গড়ে তোলা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



