পিজিতে সাশ্রয়ী মূল্যে দাতের চিকিৎসা সেবা গ্রহণের নিয়মাবলি

স্বাস্থ্য ডেস্ক: রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)—যা সাধারণ মানুষের কাছে ‘পিজি হাসপাতাল’ নামে পরিচিত, দেশের দন্ত চিকিৎসার অন্যতম শীর্ষস্থানীয় ও বিশেষায়িত কেন্দ্র। এখানে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে দাঁতের প্রায় সব ধরনের আধুনিক চিকিৎসা প্রদান করা হয়।
হাসপাতালের ডেন্টাল অনুষদ বা ডেন্টাল বিভাগের কার্যক্রম, বিভাগসমূহের অবস্থান এবং সেবা গ্রহণের নিয়মাবলি নিচে বিস্তারিত তুলে ধরা হলো:
১. ডেন্টাল বিভাগ কোথায় অবস্থিত?
ডেন্টাল অনুষদের যাবতীয় বহির্বিভাগীয় কার্যক্রম আউটডোর ১ নম্বর ভবনের ৬ষ্ঠ থেকে ১১তম তলায় পরিচালিত হয়।
২. টিকিট সংগ্রহের স্থান ও সময়
- স্থান: আউটডোর ১নং ভবনের ৬ষ্ঠ তলায় অবস্থিত পূবালী ব্যাংক কাউন্টার থেকে মাত্র ৩০ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হয়।
- সময়: প্রতিদিন সকাল ৮:০০ ঘটিকা থেকে টিকিট বিতরণ শুরু হয়।
৩. বিভাগভিত্তিক ডেন্টাল সেবাসমূহ
ডেন্টাল অনুষদের অধীন ৫টি প্রধান বিভাগে দাঁতের বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয়:
- ডেন্টাল জেনারেল আউটডোর (৬ষ্ঠ তলা): দাঁতের প্রাথমিক রোগ নির্ণয় ও স্ক্রিনিংয়ের জন্য প্রথমে এখানেই আসতে হয়। প্রাথমিক পরীক্ষার পর রোগীর অবস্থা বুঝে নির্দিষ্ট বিভাগে পাঠানো হয়।
- পেরিওডন্টোলজি বিভাগ (৭ম তলা): মাড়ির বিভিন্ন রোগব্যাধি এবং শিশুদের দাঁতের বিশেষ চিকিৎসা এখানে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে স্কেলিং ও পলিশিং (দাঁত ও মাড়ির গভীর থেকে পাথর পরিষ্কার করা) এবং মুখের দীর্ঘমেয়াদী দুর্গন্ধ দূর করার চিকিৎসা।
- কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগ (৮ম তলা): দাঁতে গর্ত বা ইনফেকশন হলে তা না তুলে আধুনিক পদ্ধতিতে সংরক্ষণ করার কাজ করা হয়। এখানে দাঁত ফিলিং, রুট ক্যানেল, ক্ষয়প্রাপ্ত দাঁতের চিকিৎসা, ভাঙা দাঁত মেরামত এবং কসমেটিক ডেন্টিস্ট্রি করা হয়।
- প্রস্থডন্টিক্স বিভাগ (৯ম তলা): কৃত্রিম দাঁত বা ক্যাপ প্রতিস্থাপন, স্থায়ী ব্রিজ ক্যাপ তৈরি, রিমুভেবল ডেনচার (খোলা ও লাগানো যায় এমন দাঁত) এবং ডেন্টাল ইমপ্লান্টের সেবা দেওয়া হয়।
- ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেফেসিয়াল সার্জারি বিভাগ (১০ম তলা): চোয়াল ও দাঁত সংশ্লিষ্ট যেকোনো জটিল সার্জারি এবং মুখের অ্যাক্সিডেন্টাল কেস ম্যানেজমেন্ট করা হয়।
- অর্থোডনটিক্স বিভাগ (১১তম তলা): মুখের আঁকাবাঁকা ও উঁচু-নিচু দাঁত সোজা করার নান্দনিক ও কার্যকর চিকিৎসা প্রদান করা হয়।
৪. চিকিৎসা সেবা পাওয়ার ধাপসমূহ
১. টিকিট সংগ্রহ: বহির্বিভাগ ভবন-১ এর ৬ষ্ঠ তলায় লাইনে দাঁড়িয়ে নির্ধারিত মূল্যের টিকিট কাটতে হবে।
২. প্রাথমিক স্ক্রিনিং: টিকিট কেটে ডিউটিরত চিকিৎসকের কাছে গেলে তিনি প্রাথমিকভাবে দাঁত পরীক্ষা করবেন।
৩. বিভাগীয় রেফার: রোগীর সমস্যা অনুযায়ী নির্দিষ্ট ফ্লোর বা বিভাগে (যেমন রুট ক্যানেলের জন্য কনজারভেটিভ বিভাগে) পাঠানো হবে।
৪. অ্যাপয়েন্টমেন্ট: জটিল বা দীর্ঘমেয়াদী (লং কেস) চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় সেদিনই কাজ শুরু হয় না। চিকিৎসক পরবর্তী কাজের জন্য একটি নির্দিষ্ট তারিখ ও সময় এবং যোগাযোগের নম্বর দিয়ে দেবেন।
৫. এক্স-রে ও প্যাথলজি সেবা
প্রয়োজন সাপেক্ষে হাসপাতালের ৮ম ও ১১তম তলায় এক্স-রে করানো যায়। আনুমানিক ফি:
- সিঙ্গেল দাঁতের এক্স-রে: ৮০ টাকা
- ওপিজি (OPG) এক্স-রে: ৩৫০ টাকা
৬. সেবামূল্য পরিশোধের নিয়ম
চিকিৎসার যাবতীয় খরচ সম্পূর্ণ সরকারি নিয়ম ও নির্ধারিত ফি অনুযায়ী ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয়।
- সতর্কতা: সরাসরি কোনো চিকিৎসক বা স্টাফের হাতে নগদ টাকা দেওয়ার কোনো নিয়ম নেই। হাসপাতালের নির্ধারিত স্লিপ বা রসিদের মাধ্যমে পূবালী ব্যাংকের কাউন্টারে টাকা জমা দিতে হবে।
৭. গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা
- ধৈর্য ধারণ: এটি একটি সরকারি বিশেষায়িত হাসপাতাল হওয়ায় রোগীর চাপ ও ভিড় অনেক বেশি থাকে। তাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে হাসপাতালে আসা উচিত।
- পূর্বের কাগজপত্র: পুরোনো কোনো প্রেসক্রিপশন, এক্স-রে কিংবা রক্ত পরীক্ষার রিপোর্ট (যেমন HBsAg, Anti HCV, ECG, ECHO ইত্যাদি থাকলে) সঙ্গে আনলে চিকিৎসকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
- হাসপাতালে ভর্তি: কোনো জটিল সার্জারি বা চিকিৎসার জন্য ভর্তির প্রয়োজন হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জেনারেল ওয়ার্ড বা কেবিনে ভর্তির ব্যবস্থা রয়েছে।



