জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

দুলাল শিকদার: জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকার বিদ্যমান সমস্যা মোকাবিলায় সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে চট্টগ্রামে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুর ১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
জঙ্গল সলিমপুরে স্থায়ীভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনানুগ কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের নিরাপদ ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, বিপিএম; সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী; চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএমসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।



