চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলির ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি
মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলি এলাকার ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২৫ ও ২৬ অক্টোবর ২০২৬ তারিখে উত্তর কাউলীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া), কর্নেলহাট শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করছেন দরবারে গাউছুল আজমের সাজ্জাদানশীন আওলাদে রাসুল আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দরবারে গাউছুল আজমের নায়েবে সাজ্জাদানশীন, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.), যিনি দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (DIRI) ম্যানেজিং ট্রাস্টি।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
আয়োজকদের মতে, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো বা মশা নিধন কার্যক্রম যথেষ্ট নয়; পাশাপাশি বাড়ির আশপাশ, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম ও জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা জরুরি। এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই নিজ নিজ বাসস্থান ও আশপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রতিবেশীদেরও সচেতন করতে হবে।
কর্মসূচিতে সংশ্লিষ্ট সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্যে জনস্বাস্থ্য সুরক্ষায় সামাজিক উদ্যোগ, নাগরিক দায়িত্ববোধ এবং সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয় বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে। তাঁরা ডেঙ্গু প্রতিরোধে এলাকাভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার এবং মশার প্রজননস্থল নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে রয়েছেন প্রবীণ শ্রমিক নেতা, রাজনীতিবিদ ও সমাজসেবক মো. শামসুল আলম; রাজনীতিবিদ ও সমাজসেবক মো. কুতুবউদ্দিন চৌধুরী; রাজনীতিবিদ মো. আলাউদ্দিন; মো. সাহেদ পারভেজ; সাবেক কাস্টমস কর্মকর্তা মো. আব্দুস সালাম; লুসেন্ট লায়ন কিন্ডারগার্টেনের পরিচালক মো. আলাউদ্দিন চৌধুরী; সমাজসেবক মো. নাজিমউদ্দিন চৌধুরী; প্রত্যয় কোচিংয়ের পরিচালক সুজন দত্ত; উত্তর কাট্টলি জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল করিম জুয়েল; চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সাফায়েত জামিল চৌধুরী; ১০ নম্বর ওয়ার্ডের সচিব মো. সাইদুল আলম এবং পরিচ্ছন্ন কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ।
এ ছাড়া আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া), কর্নেলহাট শাখার সভাপতি মো. তৌফিকুল চৌধুরী শুভ, সহসভাপতি আজিম উদ্দিন চৌধুরী রাকিব ও সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী এ কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়বে এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। ডেঙ্গুমুক্ত এলাকা গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।



