চাঁদপুরে তিন মাসে ট্রাফিকের ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

মো: রাজন পাটওয়ারী (চাঁদপুর প্রতিনিধি): চাঁদপুরে সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫২৭টি মামলা করা হয়েছে। এসব মামলার বিপরীতে জরিমানা আদায় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৫০০ টাকা। একই সময়ে বিভিন্ন ধরনের যানবাহন জব্দ করা হয়েছে।
চাঁদপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, জুলাই মাসে ১ হাজার ২৮৫টি মামলা করে ৩৪ লাখ ৬৭ হাজার টাকা, আগস্টে ১ হাজার ১২০টি মামলায় ২৮ লাখ ৩৬ হাজার টাকা এবং সেপ্টেম্বরে ১ হাজার ১২২টি মামলায় ৪১ লাখ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
তিন মাসের পরিসংখ্যানে মোটরসাইকেলের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছে। এ সময় মোটরসাইকেলের বিরুদ্ধে ১ হাজার ৪৬৮টি, সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে ৮৯৫টি, ইজিবাইকের বিরুদ্ধে ৩৯৬টি এবং ভ্যান ও রিকশার বিরুদ্ধে ৩৬৩টি মামলা করা হয়। এ ছাড়া পিকআপ ১৭৯টি, ট্রাক ১৩৬টি, কাভার্ডভ্যান ৫০টি, বাস ৪০টি, মাইক্রোবাস ২৪টি ও প্রাইভেটকারের বিরুদ্ধে ২০টি মামলা হয়েছে।
ট্রাফিক বিভাগ জানায়, অভিযানকালে বিভিন্ন ধরনের যানবাহন জব্দ করা হয়েছে। লাইসেন্স না থাকা, হেলমেট ব্যবহার না করা, ফিটনেস ও নিবন্ধনসংক্রান্ত অনিয়ম, অতিরিক্ত গতি এবং অবৈধ পার্কিংসহ বিভিন্ন কারণে চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়, নতুন বাজার-পুরাণ বাজার সেতুর সংযোগস্থল, শপথ চত্বর, বাসস্ট্যান্ড, ওয়ারলেস ও বাবুরহাট এলাকায় ট্রাফিক পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। এসব এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি ট্রাফিক আইন মানতে চালক ও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-অ্যাডমিন) প্রবীর কুমার দাশ জানান, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিয়মিত চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ট্রাফিক পুলিশের উদ্দেশ্য কাউকে হয়রানি করা বা শুধু জরিমানা আদায় করা নয়; বরং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমানো। চালকরা প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখলে, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ রাখলে এবং সবাই ট্রাফিক আইন মেনে চললে সড়কে বিশৃঙ্খলা অনেকাংশে কমানো সম্ভব। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক ও পথচারীসহ সবার সহযোগিতা প্রয়োজন।



