দেশ

চট্টগ্রামে সাবেক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

অপরাধ বিচিত্রা ডেস্ক: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার পূর্ব মাদারবাড়ি থেকে নুর নাহার বেগম (৭৫) নামের আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মাঝিরঘাট এলাকার নিজ বাসার শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর স্বামী প্রয়াত আবুল কালাম। তিনি নগরের মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন।

সদরঘাট থানা পুলিশ জানায়, বাসার পেছনের দরজা খোলা দেখে ভাড়াটিয়ারা ভেতরে প্রবেশ করেন। পরে শয়নকক্ষের বিছানায় তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুর নাহার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর বড় ছেলের মৃত্যু হয়। এরপর তিনি ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন। ঘটনার দিন সকালে ছেলে কর্মস্থলে চলে যান এবং অন্তঃসত্ত্বা পুত্রবধূ বাবার বাড়িতে থাকায় বাসায় একাই ছিলেন তিনি।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, নুর নাহারের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, তিনি ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button