মা ইলিশ সংরক্ষণে বিমান বাহিনীর আকাশপথে নজরদারি, সফল অভিযান সম্পন্ন
অপরাধ বিচিত্রা ডেস্ক: মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ বিমান বাহিনী। গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন নদী ও উপকূলীয় অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে বিশেষ আকাশপথে নজরদারি কার্যক্রম পরিচালনা করে বাহিনীটি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে দেশের গুরুত্বপূর্ণ নদ-নদী ও উপকূলীয় এলাকায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে সহায়তা দেয় বিমান বাহিনী। ঢাকা, যশোর ও চট্টগ্রাম থেকে পরিচালিত এসব মিশনের আওতায় মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, ভোলা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও কুতুবদিয়া অঞ্চলের নদ-নদীতে নজরদারি চালানো হয়।
অভিযান চলাকালে মাদারীপুর ও শরীয়তপুরের নদীতে মাছ ধরার নৌযান দেখতে পেয়ে হেলিকপ্টার থেকে উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট বা ‘নাইট সান’ ব্যবহার করে জেলেদের সতর্ক করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনী জানায়, হেলিকপ্টারে সংযুক্ত উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইটের মাধ্যমে রাতের অন্ধকারেও মাছ ধরার নৌযান শনাক্ত করা সম্ভব হয়েছে। পাশাপাশি এয়ারক্রুরা নাইট ভিশন গগলস (এনভিজি) ব্যবহার করে স্বল্প আলোতেও নজরদারি পরিচালনা করেন। এসব কার্যক্রমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বজায় রাখা হয়।
এ ছাড়া দেশের বিভিন্ন বিমান ঘাঁটি থেকে পরিচালিত প্রশিক্ষণ মিশনের আওতায় উপকূলীয় অঞ্চলে নিচু দিয়ে উড্ডয়নের মাধ্যমেও বিশেষ নজরদারি কার্যক্রম চালানো হয়।
বিমান বাহিনী জানায়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় পরিচালিত এসব কার্যক্রম দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ বিমান বাহিনী।



