লালবাগ এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার ঘুষের টাকা সহ দুদকের হাতে গ্রেফতার

আব্দুর রাজ্জাক: ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক হয়েছেন রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কাটাবনে অবস্থিত লালবাগ এসিল্যান্ড কার্যালয়ে ফাঁদ পেতে তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। দুদক সূত্রে জানা গেছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে এক সেবা গ্রহীতার কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন সার্ভেয়ার আসাদুল।
দীর্ঘদিন ধরে ভুক্তভোগী লালবাগ রাজস্ব সার্কেল অফিসে ঘুরেও কাজের অগ্রগতি না পেয়ে অবশেষে সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হন। তখনই তিনি নামজারি সম্পন্ন করে দেওয়ার শর্তে ৮০ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী বিষয়টি দুদককে জানালে দুদক পরিকল্পিত ফাঁদ অভিযানের সিদ্ধান্ত নেয়। অভিযানের অংশ হিসেবে আজ বেলা ১১টার দিকে অফিসে বসেই ১ লাখ টাকা ঘুষ গ্রহণকালে তাকে হাতেনাতে আটক করা হয়।
দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম ঘুষসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পরবর্তী আইনি পদক্ষেপ
আটক সার্ভেয়ারকে জিজ্ঞাসাবাদ শেষে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুদক জানিয়েছে, প্রাথমিকভাবে উদ্ধারকৃত ১ লাখ টাকা জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে ব্যবস্থা নেওয়া হবে।
ভূমি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার হলে ১০৬ নম্বরে কল করে দুদককে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।



