চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে ‘হোটেল সাউদিয়া’ উচ্ছেদ, ৩৯ বছরের দখলমুক্ত সম্পত্তি সোসাইটির কাছে হস্তান্তর

মুহাম্মদ জুবাইর : চট্টগ্রাম নগরীর পুরাতন গীর্জা এলাকার কে.সি.দে রোডে দীর্ঘদিন ধরে দখলে থাকা ‘হোটেল সাউদিয়া আবাসিক’ উচ্ছেদ করে ৪ হাজার ১০৬ বর্গফুটের সম্পত্তি দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। আদালতের রায় ও উচ্ছেদ আদেশের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। পরে উচ্ছেদ করা স্থাপনাটি দি চিটাগাং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন গীর্জা এলাকার সোসাইটি টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত হোটেল সাউদিয়া আবাসিক দীর্ঘদিন ধরে এস.এম. আবদুল আলী গংয়ের দখলে ছিল। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে হোটেলটির মূল ফটকে তালা লাগিয়ে সিলগালা করা হয়। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। সোসাইটির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক হেলাল হোসেনসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হোটেলটির ভাড়া বৃদ্ধি, নিয়মিত ভাড়া পরিশোধ না করা এবং চুক্তির শর্ত ভঙ্গকে কেন্দ্র করে সোসাইটির সঙ্গে ভাড়াটিয়া পক্ষের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় সোসাইটির পক্ষে চট্টগ্রাম সদর সিনিয়র সিভিল জজ প্রথম আদালতে ২০২১ সালে অপর মামলা নং ৬৬৪/২০২১ দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ২৪ জুলাই আদালত বাদীপক্ষের পক্ষে রায় দেন। পরবর্তীতে চলতি বছরের ৫ নভেম্বর আদালত উচ্ছেদের আদেশ জারি করেন। সেই আদেশের ভিত্তিতেই সোমবার জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

সোসাইটির সভাপতি কামরুল ইসলাম জানান, ১৯৮৫ সালের ১৫ জুন আবাসিক হোটেল পরিচালনার উদ্দেশ্যে ৪ হাজার ১০৬ বর্গফুটের স্থাপনাটি প্রতি বর্গফুট ১ টাকা ৬০ পয়সা মাসিক ভাড়ায় ব্যবহারের জন্য এস.এম. আবদুল আলী গংয়ের সঙ্গে নিবন্ধিত চুক্তি সম্পাদিত হয়। পরবর্তীতে ১৯৮৭ সালের ১৩ মে নতুন করে তিন বছরের চুক্তি সম্পাদন করা হয় এবং সমঝোতার মাধ্যমে প্রতি বর্গফুট ভাড়া ২ টাকায় নির্ধারণ করা হয়।

তিনি আরও জানান, চুক্তির শর্ত ভঙ্গ ও নিয়মিত ভাড়া পরিশোধ না করায় সোসাইটির পক্ষ থেকে একাধিকবার স্থাপনাটি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ ও নোটিশ দেওয়া হয়। কিন্তু ভাড়াটিয়া পক্ষ সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত আদালতের আশ্রয় নিতে হয়। আদালতের রায় অনুযায়ী, ক্ষতিপূরণ বাবদ বিবাদী পক্ষের কাছে সোসাইটির মোট ৯ লাখ ৫৬ হাজার ৬৯৮ টাকা পাওনা রয়েছে।

সোসাইটির সাধারণ সম্পাদক হেলাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে দখলে থাকা নিজস্ব সম্পত্তি আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে ফিরে পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। জেলা প্রশাসনের সহযোগিতায় সম্পত্তিটি দখলমুক্ত করে সোসাইটির কাছে বুঝিয়ে দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে সোসাইটির সম্পত্তি উদ্ধার হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button