ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি-চাঁদাবাজি, নোয়াখালী থেকে ‘বুলেট গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এক ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনায় আলোচনায় আসা কিশোর গ্যাং লিডার মোঃ হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৯ নভেম্বর নোয়াখালীর কবিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে সামনে সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অপর এক ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসে। এরপর ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রগুলোর উৎস এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহে নামে জেলা গোয়েন্দা শাখা।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী হিসেবে শনাক্ত মোঃ হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাওন চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার মোঃ বাদশা মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, এলাকায় সে কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অস্ত্রগুলো অন্য ব্যক্তির বলে দাবি
গ্রেপ্তারের পর ভাইরাল ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে শাওন জানায়, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখে র্যাব ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছিল বলে জানায় পুলিশ।
অস্ত্রের ছবি ও অডিও দিয়ে ভয় দেখিয়ে চাঁদাবাজি
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন আরও জানায়, সে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করত। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করে রাখত। পরবর্তীতে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করত।
অর্থাৎ, সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার না করেও অস্ত্রের ছবি-ভিডিও এবং হুমকিমূলক অডিওকে আতঙ্ক সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
রাউজান থানায় রয়েছে দুটি মামলা
পুলিশ জানায়, গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতিসংক্রান্ত দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভাইরাল ভিডিওতে প্রদর্শিত অস্ত্রের প্রকৃত উৎস, তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্রের সরাসরি ব্যবহার ছাড়াও অস্ত্রের ছবি, ভিডিও ও হুমকিমূলক বার্তার মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কিত করে চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।



