নামাজে নারীদের চুল বের হয়ে গেলে কি নামাজ নষ্ট হবে?
ইসলামিক বিচিত্রা ডেস্ক: নামাজ পড়ার সময় নারী মাথার দু’চারটি চুল বের হয়ে গেলে কোনো অসুবিধা হবে কি? মহিলাদের মাথার চুলের কতটুকু অংশ বের হলে নামাজ নষ্ট হয়ে যাবে?
মূলত নামাজ পড়ার সময় মহিলাদের মাথার সমস্ত চুলের এক চতুর্থাংশ বা তার বেশি এক রোকন (অর্থাৎ তিনবার সুবহানা রাবিবআল আযীম বলা) পরিমাণ সময় অনাবৃত থাকলে নামাজ নষ্ট হয়ে যায়। দু’চারটি চুল বের হয়ে গেলে নামায নষ্ট হয় না। তবে শুরু থেকে এভাবে পূর্ণ মাথা ঢেকে নামাজে দাঁড়াতে হবে যেন চুলের কোনো অংশই বের না হয়।
নারীরা পরপুরুষের সামনে নামাজ পড়তে পারবেন?
নামাজ নারী-পুরুষ সবার ওপর ফরজ। কিন্তু বিভিন্ন কারণে নারীকে বাইরে যেতে হয়। তখন হাটে-বাজারে, মার্কেটে ও অফিসে কিংবা অন্য কোনো স্থানে নামাজের সময় হয়ে যেতে পারে। জানার বিষয় হলো- পরপুরুষের সামনে মহিলাদের নামাজ পড়া কি জায়েজ আছে?
অনেক সময় এক মিনিটের দূরত্বে নারীদের নামাজের ব্যবস্থা থাকে; তা সত্ত্বেও কি কোনো নারী অন্য পুরুষদের সামনে নামাজ আদায় করতে পারবে?
এই প্রশ্নের উত্তর হলো- নারীরা সর্বাবস্থায় পরপুরুষের সামনে নিজেকে প্রকাশ করা নাজায়েজ; নামাজের অবস্থায় হোক বা নামাজের বাইরে। তবে একান্ত প্রয়োজনে পূর্ণাঙ্গ শরীর ঢেকে পরপুরুষের সামনে যাওয়ার সুযোগ অবশ্যই রয়েছে।
সে হিসেবে, নারীরা নিজ প্রয়োজনীয় কর্মস্থলে চেহারা ও হাত-পাসহ পূর্ণাঙ্গ শরীর ঢেকে— পরপুরুষের সামনে নামাজ পড়ার বৈধতা রয়েছে। কিন্তু এরপরও পুরুষের আড়ালে গিয়েই নামাজ উত্তম।



