চট্টগ্রামে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম নগরীর বন্দর থানা পুলিশের অভিযানে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রাশেদুল ইসলাম ওরফে মো. রফিকুল ইসলাম ওরফে আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে বন্দর থানাধীন নিমতলা ফ্লাইওভার চেকপোস্ট বক্সের সামনে সড়কে তল্লাশিকালে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন)-এর তত্ত্বাবধানে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই ইমরান ফয়সাল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন রাশেদুল ইসলামকে আটক করেন।
এ সময় তার সঙ্গে থাকা একটি কালো রঙের কাঁধব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।



