Uncategorized

চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে কঠোর নির্দেশ সিএমপি কমিশনারের

দুলাল শিকদার: চট্টগ্রাম নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সক্রিয়তার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় নগরীর দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় কমিশনার নগরীতে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতাসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ অধিক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।

পাশাপাশি হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের কাছে কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলের গতি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন সিএমপি কমিশনার।

সভায় অক্টোবর ২০২৬ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্স প্রদর্শনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী,

বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএমসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, সভায় উপস্থিত কয়েকজন উপ-পুলিশ কমিশনার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button