আইন-শৃঙ্খলা

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার, নজরদারিতে ৩৯ ফেসবুক পেজ-আইডি

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ইয়াসিনের নেতৃত্বাধীন অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, ক্যাম্পের পানিতে বিষ মেশানোসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ও ফেসবুক পেজ ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি বিভিন্ন সংস্থার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানোর একটি সংগঠিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের বিশেষ আভিযানিক দল গতকাল রাতভর চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার আব্দুর শুক্কুর ইয়াসিনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করতেন বলে অভিযোগ রয়েছে। ইয়াসিনের বিভিন্ন কর্মকাণ্ড, জমি কেনাবেচার ব্যবস্থাপনা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার মেহেদী হোসেন ও সাকিবুল হাসান আপন দুই ভাই। তারা ইয়াসিনের বোনের ছেলে এবং ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ নামের ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে আনোয়ার হোসেনও ইয়াসিনের বোনের ছেলে। বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে প্রচারণা চালানোর সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তার পারভেজ মোশারফকেও ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এই নেটওয়ার্ক শুধু মাঠপর্যায়ের অপরাধমূলক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ ছিল না; সামাজিক যোগাযোগমাধ্যমকেও নিজেদের স্বার্থে ব্যবহার করত। বিশেষ করে ফেসবুক পেজ, ব্যক্তিগত আইডি ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং সরকারি সিদ্ধান্ত নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগ পাওয়া গেছে।

গোয়েন্দা অনুসন্ধানে আরও উঠে এসেছে, নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন পোস্ট প্রকাশ, সমন্বিতভাবে লাইক, কমেন্ট ও শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব প্রচারণা ছড়িয়ে দেওয়া হতো। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনবিরোধী মনোভাব তৈরি এবং সরকারি আইনানুগ কার্যক্রমের বিরুদ্ধে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন ফোনসহ মোট ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইসে থাকা তথ্য, যোগাযোগের রেকর্ড, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট ডিজিটাল আলামত পরীক্ষা করার প্রস্তুতি চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা মোবাইল ফোনের প্রাথমিক পর্যালোচনায় বিভিন্ন আইডি ও পেজের মাধ্যমে অপপ্রচার এবং সংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ডের অনুসন্ধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি, পেজ পরিচালনাকারী, যোগাযোগের মাধ্যম, অর্থায়ন এবং প্রচারণার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোন পর্যালোচনা করে ইতোমধ্যে ৩৯টি ফেসবুক পেজ ও আইডির সন্ধান পেয়েছে পুলিশ। এসব অ্যাকাউন্টের কার্যক্রম, পোস্ট, শেয়ার, মন্তব্য এবং পারস্পরিক যোগাযোগের ধরন বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

গোয়েন্দা অনুসন্ধানে যেসব আইডি ও পেজের নাম এসেছে, তার মধ্যে রয়েছে—Mehedi Hossain, Md Mehedi Hossain, Opo Radhi, Mohammad Nayem, সায়েম সোবহান আনভীর, জনগণের নেতা, Bip Lob, MD Omar Faruk, মোহাম্মদ বিনিয়ামিন হাসান, MSH Sakib, MD Shakib Hossain, Mdromjan Ali, Ahmed Ullah Chowdhury, MD Ali, Arif Rahman, জাগ্রত আলী নগর, Bali Bey, সাধারণ জনগণ, Delowar Hossain, Mdalom Marv, অনুসন্ধান 2.0, আলীনগর প্রিমিয়ার লীগ, নাগরিকবার্তা ২৪, Amara Aria, Md Ali (Page Admin), Ariyan Ahmand, এমএইচ ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ, এমএমটিভি মিডিয়া, বেস্ট মোটিভেশন, জঙ্গল সলিমপুর নিউজ ২৪, মোহাম্মদ পারভেজ, নিলয় পারভেজ, আলীনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, জঙ্গল সলিমপুর মিডিয়া সেল, The Daily First Sun এবং The Daily News-সহ সংশ্লিষ্ট বিভিন্ন আইডি ও পেজ।

তবে এসব আইডি ও পেজের নাম তদন্তে উঠে আসা মানেই সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তি বা পেজ অপরাধে জড়িত—এমন সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ। অপরাধমূলক সম্পৃক্ততা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গল সলিমপুরে দীর্ঘদিনের অপরাধপ্রবণতা, সন্ত্রাসী তৎপরতা, ভূমি দখল, অবৈধ বাণিজ্য ও প্রতারণা প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাসজমি ও পাহাড় রক্ষা এবং সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাবমুক্ত পরিবেশ প্রতিষ্ঠা এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

এ লক্ষ্যে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার, গোয়েন্দা নজরদারি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এলাকায় ছয়টি রাস্তার নির্মাণকাজ দৃশ্যমান হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের যোগাযোগব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, মিথ্যা তথ্য এবং অর্থের বিনিময়ে পরিকল্পিত প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা সরকারি আইনানুগ কার্যক্রমের বিরুদ্ধে সাধারণ মানুষকে উসকে দেওয়ার চেষ্টা বরদাশত করা হবে না।

কোনো অপরাধী গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকে ঢাল হিসেবে ব্যবহার করে রাষ্ট্রের আইনানুগ কার্যক্রম বাধাগ্রস্ত করতে চাইলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ আরও জানিয়েছে, জঙ্গল সলিমপুরে সাধারণ মানুষের নিরাপত্তা, সরকারি সম্পত্তির সুরক্ষা, ভূমিসংক্রান্ত অপরাধ দমন এবং সন্ত্রাসমুক্ত পরিবেশ প্রতিষ্ঠায় অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার এবং অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সব মিলিয়ে জঙ্গল সলিমপুরকেন্দ্রিক অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে চলমান অভিযানে এবার সামনে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর প্রচারণা ও অর্থায়নের বিষয়টিও। গ্রেপ্তার ছয় ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণ এবং নজরদারিতে থাকা ৩৯টি পেজ ও আইডির কার্যক্রম যাচাইয়ের মধ্য দিয়ে এই নেটওয়ার্কের বিস্তৃতি, অর্থের উৎস ও নেপথ্যের ব্যক্তিদের সম্পর্কে আরও তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে তদন্তসংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button