মিয়ানমার বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছে: আইসিজে বিচারক
অনলাইন ডেস্ক: মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছিল—উপস্থাপিত প্রমাণ ও প্রেক্ষাপট বিবেচনায় এমন একটি ‘যৌক্তিক অনুমান’ করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পাঠ শুরু করেন তিনি। রায় পড়ার এক পর্যায়ে এই পর্যবেক্ষণ ও মন্তব্য তুলে ধরেন বিচারক।
রায় পাঠে বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেন, ২০১৭ সালে রাখাইনে পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানকে ঘিরে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এর মধ্য দিয়েই রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার ক্ষেত্রে মিয়ানমারের উদ্দেশ্যের ভিত্তি গড়ে উঠেছিল বলে উল্লেখ করেন তিনি।
আদালতের অবস্থান স্পষ্ট করে বিচারক আরও বলেন, সামনে উপস্থাপিত সমস্ত প্রমাণ একত্রে বিবেচনা করলে এ সিদ্ধান্তেই পৌঁছানো যায় যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছে—এমন একটি যৌক্তিক অনুমানকে তা সমর্থন করে। তবে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ প্রমাণ করার দায়ভার মামলাকারী দেশ গাম্বিয়ার ওপর বর্তায় বলেও স্মরণ করিয়ে দেন আদালত।
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ২০১৭ সালের ওই সামরিক নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। পাশাপাশি ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের মতো ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছিল বলে আদালত উল্লেখ করেছে।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছিল কি না এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী কি না, তা চূড়ান্তভাবে নির্ধারণ করছেন আইসিজের বিচারকেরা।



