কালিয়াকৈরে পোশাককর্মীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩, বাকিদের খুঁজছে পুলিশ

অনলাইন ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে ১৯ বছর বয়সী এক পোশাককর্মীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় জড়িত আরো তিনজন পলাতক রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী নারী কালিয়াকৈর থানায় মামলা করলে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই নারীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তাররা হলেন বাছেদ মিয়া (৪০), সুলেমান হোসেন (৫৪) ও আশরাফুল ইসলাম (৩৪)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৫টার দিকে ওই পোশাককর্মী একটি রেলস্টেশন এলাকায় বেড়াতে গিয়েছিলেন।
সেখানে তার কারখানার সুপারভাইজারের সঙ্গে দেখা হলে দুজন কথা বলছিলেন। এ সময় পাঁচ থেকে ছয়জন যুবক তাদের পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে আটকে রাখেন এবং মারধর করেন।
একপর্যায়ে ওই যুবকেরা দুজনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। পরে নারীর সহকর্মীকে ছেড়ে দিয়ে তাকে চারজন মিলে ধর্ষণ করেন।
পরে আত্মরক্ষার জন্য দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন তিনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।



