টেকনাফে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

অপরাধ বিচিএা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়।
অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাস্থল থেকে ৫ নারী, ২ পুরুষ ও ৮ মাস বয়সী এক শিশুসহ মোট ৮ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা। পরে উদ্ধার ব্যক্তিদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



