নিহত সেনাসদস্যের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: টেকনাফে যৌথ অভিযানকালে নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রোববার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় নিহত সেনাসদস্যের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি তাঁর স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সশস্ত্র চক্রের সদস্যদের সঙ্গে গোলাগুলিতে কর্তব্যরত অবস্থায় সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।
নিহত সেনাসদস্যের পরিবারের আর্থিক সহায়তা, আবাসন উন্নয়ন ও কর্মসংস্থানের উদ্যোগের মাধ্যমে তাঁর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।



