প্রশাসন

মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধারে সাহসিকতার স্বীকৃতি পেলেন সালথার ওসি

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর অস্ত্রাগারে থাকা সরকারি ও সাধারণ মানুষের অস্ত্র নিরাপদে উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ও তাঁর নেতৃত্বাধীন পুলিশ দল। এ সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁদের সর্বোচ্চ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যে বৃহস্পতিবার দুর্বৃত্তরা মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করে। এতে থানা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি ও সাধারণ মানুষের অস্ত্রের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়।

এ পরিস্থিতিতে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত পদক্ষেপ নেয়। তাঁরা মুকসুদপুর থানার অস্ত্রাগারে থাকা অস্ত্রগুলো নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসেন।

ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, দায়িত্বশীলতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ওসি বাবলুর রহমান খান এবং তাঁর দলের সদস্যদের প্রশংসা করেছে ফরিদপুর জেলা পুলিশ।

এ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ওসি ও তাঁর নেতৃত্বাধীন সব কর্মকর্তা ও পুলিশ সদস্যকে অভিনন্দন, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতেও দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে পেশাদারিত্বের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এদিকে, ওসি মো. বাবলুর রহমান খান ও তাঁর দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এ দৃষ্টান্ত পুরো ব্যাচের জন্য গর্বের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button