চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ২২ বছর বয়সী যুবকের

মো: রাজন পাটওয়ারী (চাঁদপুর প্রতিনিধি): চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে রেললাইনের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে চাঁদপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মেঘনা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে রেললাইনের কাছে এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। পরে কাছে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। তাদের ধারণা, চলন্ত ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
এ সময় মরদেহের কাছাকাছি তার ব্যবহৃত একটি মোবাইল ফোন পাওয়া যায়। বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোবাইল ফোন থেকে পাওয়া নম্বরের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে।
নিহত মেহেদী হাসান পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন। তার বাবার নাম সুমন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তবে তিনি চাঁদপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।



