
ডেস্ক রিপোর্ট: দেশ-বিদেশে চিকিৎসাপেশায় আলো ছড়ানো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে পাস করা শিক্ষার্থীদের চট্টগ্রামের স্বাস্থ্যসেবার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার দুপুরে ‘One Pulse One Pride’ স্লোগানে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫ম অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬-এর আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৬তম প্রজন্মের শিক্ষার্থী হিসেবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
মেয়র ডা. শাহাদাত বলেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজ কেবল ডাক্তার তৈরির কারখানা নয়, এটি মানবসেবার আলোকবর্তিকা। আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা পৃথিবীর নানা প্রান্তে চিকিৎসাসেবার মাধ্যমে সুনাম অর্জন করেছেন। এখন সময় এসেছে চট্টগ্রামের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার।”
তিনি আরও যোগ করেন, “একজন চিকিৎসকের দায়িত্ব শুধু চিকিৎসা প্রদানেই সীমাবদ্ধ নয়, সমাজের প্রতিও তাঁর দায়বদ্ধতা রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবে চট্টগ্রামের স্বাস্থ্য খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব।”
চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউ একাডেমিক বিল্ডিংয়ের নিচতলার কনফারেন্স হলে এই রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সাইফুদ্দিন মো. তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ও চমেকের ৩৩তম প্রজন্মের শিক্ষার্থী ডা. বেলায়েত হোসেন ঢালী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, উপাধ্যাক্ষ অধ্যাপক ডা. আব্দুর রব এবং সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির মহাসচিব ডা. আশরাফুল কবীর ভূঁইয়া, কোষাধ্যক্ষ ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মিয়ান জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. সৈয়দ আহমেদ, চমেকের ৫ম প্রজন্মের শিক্ষার্থী ডা. আব্দুল মান্নান, ডা. সিতারা খানম, অধ্যাপক ডা. অজয় দেব, ডা. মোহাম্মদ ইউসুফ, অধ্যাপক ডা. হাসানুজ্জামান, অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক ডা. এ এস এম জাহেদ, ডা. কামরুল হক, ডা. ঈসা চৌধুরী, ডা. ইমরোজ উদ্দিন এবং ডা. মোনায়েম ফরহাদ প্রমুখ।



